সৌদি আরামকো রোববার মধ্যপ্রাচ্যের উপসাগরের অভ্যন্তরে সাতটি সুপারট্যাঙ্কারে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবোঝাই করেছে। ট্যাংকারট্রাকার্স ডটকমের তথ্য অনুযায়ী, লোহিত সাগরে তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর সৌদি আরব উপসাগরীয় রপ্তানি টার্মিনালগুলো থেকে তেলবোঝাই বাড়িয়েছে।
এই বিপুল তেলবোঝাই সৌদি আরবের তেল সরবরাহ আংশিকভাবে পুনরুদ্ধারের ইঙ্গিতকে আরও জোরালো করেছে। বেশি পরিমাণে তেল সরবরাহের প্রত্যাশায় সোমবার তেলের দাম কমেছে এবং ব্রেন্ট বেঞ্চমার্কের দাম ৯ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে গেছে।
ট্যাংকারট্রাকার্স ডটকম জানিয়েছে, সাতটি জাহাজই ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার অর্থাৎ অত্যন্ত বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ। রয়টার্সের দেখা স্যাটেলাইট ছবিতে রোববার সৌদি আরবের রাস তানুরা বন্দরের কাছে সাতটি ট্যাংকার ধরা পড়েছে। অবশ্য আরামকোর একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে বলেছেন, স্যাটেলাইটের তথ্য অনুযায়ী গত ছয় দিনে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সৌদি তেল পরিবহনের গড় পরিমাণ ছিল প্রতিদিন ২৯ লাখ ব্যারেল, অথচ আগস্টে ছিল মাত্র ৭ লাখ ব্যারেল প্রতিদিন।
ড্রোন হামলার কারণে ১৩ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়। এর ফলে লোহিত সাগরের ইয়ানবু তেলবন্দরে অপরিশোধিত তেলবোঝাই বন্ধ হয়ে যায়।
এর ফলে, আরামকো ইউরোপীয় ক্রেতাদের কাছে কিছু অপরিশোধিত তেলের চালান বিক্রি বাতিল করে। একই সময়ে হরমুজ প্রণালির ভেতরে অবস্থিত পূর্বাঞ্চলীয় বন্দরগুলো থেকে বোঝাই করা অপরিশোধিত তেল এশিয়ায় বিক্রি বাড়িয়ে দেয়।
গত এক সপ্তাহে সৌদি আরবের অপরিশোধিত তেলবোঝাইয়ের স্থান লোহিত সাগর থেকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সরে গেছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী আরেক প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের উপসাগরীয় বন্দরগুলো থেকে তেলবোঝাইয়ের গড় পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৩৭ লাখ ব্যারেল, যা মাসের শুরুর দিকে ছিল ২৯ লাখ ব্যারেল প্রতিদিন। ১ থেকে ১১ সেপ্টেম্বর সময়কালে সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দরগুলো থেকে তেলবোঝাইয়ের গড় পরিমাণ ছিল প্রতিদিন ৩৯ লাখ ব্যারেল।
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব হরমুজ প্রণালির ভেতরে অবস্থিত তাদের রাস তানুরা বন্দর থেকে প্রায় ৬ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে। এসব তেল জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে ওমানের সোহার বন্দরে বোঝাই করা হবে।
