জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার জাতীয় স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে রাজধানীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের অবদান স্মরণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সংহতি প্রকাশ করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা স্মরণসভায় অংশ নেবেন।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

এর আগে বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *