সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, তবু সতর্ক আর্জেন্টিনা! কেপ ভার্দের বিপক্ষে মেসিদের জয়ের সম্ভাবনা ৮১%

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার চমক জাগানো দল কেপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আফ্রিকার দেশটি এবার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা (Opta) তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে।

অপটার বিশ্লেষণ অনুযায়ী, কাগজে-কলমে যেমন আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট, পরিসংখ্যানও তেমনি লিওনেল স্ক্যালোনির দলকেই বড় ব্যবধানে এগিয়ে রাখছে।

সুপার কম্পিউটার ম্যাচটি ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে যে ফলাফল পেয়েছে, তাতে নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ

শুধু নির্ধারিত সময় নয়, অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়েছে অপটা। সেই হিসেবে আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত করার সম্ভাবনা ৮৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা ১০ দশমিক ৬ শতাংশ

গ্রুপপর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির দল তিনটি ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে নকআউটে পৌঁছেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচে হার তো দূরের কথা, ড্রও করেনি আলবিসেলেস্তেরা।

অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপের প্রথম আসরেই ইতিহাস গড়েছে। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই ড্র করে নকআউটে জায়গা করে নেওয়া আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এবার আরও একটি অঘটন ঘটানোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে।

ফুটবলে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত মাঠের লড়াইই নির্ধারণ করবে ভাগ্য। তাই সুপার কম্পিউটার আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *