১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতালটির সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে এবং হাসপাতালের চিত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার নির্ণয়ে আরও নির্ভুল ও আধুনিক সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। নতুন এই যন্ত্রের মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া দেশে সব ধরনের ভ্যাকসিন, পরীক্ষার রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে রোগীর চাপ বেড়ে গেলে দ্রুত মোবাইল হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *