দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর: রেকর্ড উচ্চতায় মূল্যবান দুই ধাতু, ভরি ২ লাখ ২৮ হাজার ছাড়াল

সবশেষ মূল্য সমন্বয়ের পর দেশের বাজারে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ (সোমবার, ২৯ জুন) দেশের বাজারে মহামূল্যবান এই ধাতু দুটি সবসবশেষ নির্ধারিত রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে।

এর আগে, সবশেষ গত শনিবার (২৭ জুন) সকালে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম একলাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন প্রতি ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) সরবরাহ সংকট ও মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই দেশব্যাপী এই নতুন মূল্য কার্যকর রয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর:

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। দেশের ইতিহাসে যা স্বর্ণের সর্বোচ্চ মূল্য। এছাড়া অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও আনুপাতিক হারে বেড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের স্বর্ণের দরদাম:

স্বর্ণের মান (ক্যারট)প্রতি ভরির বর্তমান মূল্য (ভ্যাটসহ)
২২ ক্যারেট২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
২১ ক্যারেট২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
১৮ ক্যারেট১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
সনাতন পদ্ধতি১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা

রুপার আজকের বাজারদর:

স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধির পাশাপাশি দেশের বাজারে সমান্তরালভাবে বাড়ানো হয়েছে রুপার দামও। ক্যাটাগরি অনুযায়ী রুপার আজকের বাজারদর নিচে দেওয়া হলো:

রুপার মান (ক্যারট)প্রতি ভরির বর্তমান মূল্য
২২ ক্যারেট৪ হাজার ৬৬৬ টাকা
২১ ক্যারেট৪ হাজার ৪৩২ টাকা
১৮ ক্যারেট৩ হাজার ৭৯১ টাকা
সনাতন পদ্ধতি২ হাজার ৮৫৮ টাকা

বাজুসের গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নিয়মাবলী:

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ বা নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কঠোরভাবে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মান অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ইতিমধ্যেই যুক্ত থাকায়, গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত নিয়মাবলী বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ঘন ঘন মূল্য সমন্বয়ের রেকর্ড:

এর আগে, সবশেষ গত ২৫ জুন সকালে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাত্র দুদিনের ব্যবধানে সেই দাম আবারও একলাফে ৫ হাজার টাকার বেশি বেড়ে যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের অস্থিরতার কারণে এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৮২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ৪১ দফা দাম বাড়ানো হয়েছে, ৪০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমেছিল।

অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৫ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৫ দফা কমানো হয়েছে। আর বিগত ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বারই দাম বেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *