রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিজিবি-সেনাবাহিনী মোতায়েন ও হাই-অ্যালার্টের মাঝেই সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার করলেন সেতুমন্ত্রী। আজ ২৩ জুন (মঙ্গলবার) সকালে সিরাজদিখানের চর গলগলিয়ায় ‘পদ্মা রেল লিংক প্রকল্প’ (Padma Rail Link Project) এলাকার নির্ধারিত সরকারি জমিতে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বহু আগেই জনগণের নৈতিক সমর্থন হারিয়েছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। জনগণ ও দেশের প্রচলিত আইনের সমন্বিত ও সুচিন্তিত সিদ্ধান্তের ফলেই আজ এই ফ্যাসিবাদের প্রতীক দলটি নিষিদ্ধ। ফলে, এই নিষিদ্ধ সংগঠনের কোনো ধরণের অপতৎপরতা বা চোরাগুপ্তা কর্মকাণ্ড যদি এখনো কোথাও চোখে পড়ে, তবে তা কেবল প্রশাসনের নয়, সচেতন জাতি হিসেবে আমাদের সবার জন্যই এক ধরণের ব্যর্থতা। তবে আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো অপতৎপরতা রুখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিক-নির্দেশনায় দেশজুড়ে ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার অংশ হিসেবেই পদ্মা রেল লিংক প্রকল্পের এই অব্যবহৃত বিশাল চরে আজকের এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী রেলপথ, সড়ক ও অন্যান্য মন্ত্রণালয়ের অধীন যত অব্যবহৃত বা বেদখল হওয়া জমি রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সর্বোত্তম ও লাভজনক ব্যবহার নিশ্চিত করার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যেখানে বড় আকারের খালি জমি পাওয়া যাবে সেখানে গ্রিন এনার্জি বা সৌরবিদ্যুৎ (Solar Power) প্রকল্প স্থাপন করা হবে, উন্নয়ন উপযোগী স্থানে বাণিজ্যিক অবকাঠামো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপযোগী স্থানগুলোতে ব্যাপকভাবে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হবে। জমির সঠিক ও নিয়মতান্ত্রিক ব্যবহার নিশ্চিত করেই এই সবুজায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিরাজদিখানের চর গলগলিয়ায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন মুন্সীগঞ্জ-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ফাহিমুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (DC) সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার (SP) মো. মেনহাজুল আলমসহ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা প্রকল্প এলাকার নির্ধারিত স্থানে ও রেললাইনের পাশে সারিবদ্ধভাবে গাছের চারা রোপণ করেন এবং দেশের পরিবেশ সংরক্ষণে বনায়নের গুরুত্ব তুলে ধরেন।
