আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার আশঙ্কা: ঢাকার শাহবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন স্পটে বিজিবি মোতায়েন

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা নস্যাৎ করতে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ (সাবেক ইন্টারসেকশন পয়েন্ট), বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দেশের আরও ৫টি স্পর্শকাতর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। জেলাগুলো হলো—কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়া, দেশের অন্য যেকোনো জেলায় পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যকে সম্পূর্ণ ‘স্ট্যান্ডবাই’ (উচ্চ সতর্ক অবস্থায়) রাখা হয়েছে।

একই সাথে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় মধ্যরাত থেকেই সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ টহল শুরু হয়েছে। বিশেষ করে গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই জলকামানসহ ভারী নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে।

আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা বা অপতৎপরতা রুখতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অবস্থান নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখান থেকে তাঁর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন:

“বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকায় ভর করে পতিত শক্তি আবারও দেশে বিশৃঙ্খলা ও সাবোটাজ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের সচেতন জনগণকে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে।”

এ ছাড়া, পূর্বাচলের তিনশ ফিট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং ভোলা, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, নাশকতার পরিকল্পনাকালীন ও চোরাগুপ্তা মিছিলের চেষ্টা করার সময় রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই বিষয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে সংবাদমাধ্যমকে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো দল বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে চায় কিংবা সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালায়, তবে তাদের সমস্ত পরিকল্পনা কঠোর হস্তে নস্যাৎ করে দেওয়া হবে। আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *