মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো, বিশ্বকাপের পর বড় চমক

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন মুলুকেই পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষেই তিনি মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয় ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে সম্পূর্ণ সম্মত হয়েছেন। দলবদল বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই এক্সক্লুসিভ তথ্যটি নিশ্চিত করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ফ্রি এজেন্ট হিসেবে ক্যাসেমিরোকে দলে ভেড়াতে একাধিক ক্লাব আগ্রহ দেখিয়েছিল। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির পাশাপাশি আরেক মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের বেশ কয়েকটি দল তাকে লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসেমিরোর দীর্ঘদিনের ইচ্ছা ছিল বার্সেলোনার সাবেক চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাথে একই দলে খেলা। আর সেই ইচ্ছপূরণের লক্ষ্যেই তিনি ডেভিড বেকহ্যামের ফ্র্যাঞ্চাইজিটিকে বেছে নিয়েছেন।

ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যমতে, ক্যাসেমিরো এবং ইন্টার মায়ামির মধ্যে ইতিমধ্যে একটি পূর্ণ মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রান্সফারের সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া ও আইনি ধাপগুলোও প্রায় শেষের পথে। এখন কেবল চুক্তির কাগজে আনুষ্ঠানিক স্বাক্ষর এবং ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিশ্বকাপ মিশন শেষ করেই তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়ে নতুন ঠিকানায় যোগ দেবেন।

২০২৫ মৌসুম শেষে ইন্টার মায়ামির কিংবদন্তি মিডফিল্ডার সার্জিও বুসকেতস ফুটবল থেকে অবসর নেন। স্প্যানিশ এই তারকার বিদায়ের পর মায়ামির মাঝমাঠে যে বড় শূন্যতা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ করা সম্ভব হয়নি। বুসকেতসের বিকল্প হিসেবে ডেভিড আয়ালা ও ইয়ানিক ব্রাইটকে দলে আনা হলেও, তারা মাঝমাঠে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা বা নিয়ন্ত্রণ এনে দিতে পারেননি। এমনকি আর্জেন্টিনার রদ্রিগো ডি পল মাঝমাঠে অবদান রাখলেও বুসকেতসের মতো রক্ষণাত্মক ভরসা হয়ে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্যাসেমিরোকে মাঝমাঠের রক্ষণভাগের আদর্শ সমাধান হিসেবে দেখছে মায়ামি কর্তৃপক্ষ। তার অভিজ্ঞতা ও বল জেতার দক্ষতা মায়ামির রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

মেজর লিগ সকারের অত্যন্ত কঠোর ‘ডিজাইনেটেড প্লেয়ার’ (DP) বা ডিপি নিয়মের কারণে ক্যাসেমিরোর চুক্তিটি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। বর্তমানে ইন্টার মায়ামির তিনটি ডিপি স্থানই লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বেরতেরামের মাধ্যমে পূর্ণ রয়েছে। ফলে নিয়মানুযায়ী ক্যাসেমিরো শুরুতে ডিপি চুক্তিতে যোগ দিতে পারছেন না।

ধারণা করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে এমএলএসের বেতন সীমার (Salary Cap) মধ্যে থেকেই তাকে দলে রেজিস্টার করা হবে। তবে ভবিষ্যতে ক্লাব যদি বর্তমান কোনো ডিজাইনেটেড প্লেয়ারকে বিক্রি করে দেয় বা নতুন কোনো সমঝোতায় আসে, তবে ক্যাসেমিরোর বেতন কাঠামো ও চুক্তি পরিবর্তনের সুযোগ থাকবে। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মায়ামির মূল স্পন্সরদের মাধ্যমেও তার আয়ের একটি বড় অংশ স্পনসরশিপ হিসেবে নিশ্চিত করা হতে পারে।

চলতি ২০২৬ বিশ্বকাপ চলাকালেই ফুটবলারদের ইউরোপ ছেড়ে আমেরিকার লিগে আসার গুঞ্জন আরও তীব্র হয়েছে। ক্যাসেমিরোর মায়ামিতে আসার খবরের পাশাপাশি ফরাসি তারকা অ্যান্টোয়ান গ্রিজম্যান ইতিমধ্যে অরল্যান্ডো সিটির সাথে নিজের চুক্তি পাকা করেছেন। অন্যদিকে, পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডোভস্কিও ফ্রি এজেন্ট হিসেবে শিকাগো ফায়ারে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে। সব মিলিয়ে, মেসির দেখানো পথ ধরে এমএলএস যে বিশ্ব ফুটবলের নতুন এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *