ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ সংসদ সদস্য মনিরুল হকের

সংসদে নারীর পর্দা ও নিকাব বিষয়ে দেওয়া বক্তব্যের অংশ এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সংসদের কার্যপ্রণালী বিধির ৩০২ ধারা অনুযায়ী স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি জানিয়েছেন, বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে অংশ নেবেন না।

গত ১৪ জুন ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় মনিরুল হক চৌধুরীর পর্দা ও নিকাব সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানালে ডেপুটি স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য সংসদের রীতির পরিপন্থী উল্লেখ করে বক্তব্যের বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

পরে বিষয়টি সংসদের বাইরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-সহ কয়েকটি ধর্মীয় সংগঠন এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি করা হবে।

অন্যদিকে মনিরুল হক চৌধুরী দাবি করেছেন, তিনি পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কারও আনুষ্ঠানিক আপত্তি ছাড়াই কেন তার বক্তব্য এক্সপাঞ্জ করা হলো, সেটি জানতেই তিনি অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি অপমানিত বোধ করছেন এবং ব্যক্তিগত ও পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *