২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফল।

দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

সেশনজট কমিয়ে আনতে নতুন পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অযাচিত বিলম্ব না ঘটে।

এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগাম প্রস্তুতির সুযোগ দিতে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর আশা, নতুন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *