ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব। এর আগে বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা-র নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নবীনগর ক্যাম্পের সিপিসি-২-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ করে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের একটি টয়লেটের মেঝেতে রাখা কয়েকটি ইট সরিয়ে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল এবং ২২ বোরের দুই রাউন্ড গুলিসদৃশ বস্তু পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা-র কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটির মালিকানা বা কীভাবে এটি সেখানে পৌঁছেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাবের ভাষ্য অনুযায়ী, অস্ত্রটির গায়ে ইংরেজিতে “Made in Pakistan” লেখা খোদাই করা রয়েছে। তবে এর উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা উদঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
