মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের, নতুন বিতর্কে পশ্চিমবঙ্গ রাজনীতি

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। মমতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) পরিবর্তন নিয়ে বিরোধের প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, সংবিধান ও সরকারকে না মানলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলাদেশে চলে যাওয়া উচিত’।

জানা গেছে, প্রায় দুই দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পিএসওকে প্রশাসনিক নিয়ম অনুযায়ী সরিয়ে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। তবে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং অভিযোগ করে যে নতুন পিএসওদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। এর পরিবর্তে মমতা নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, সরকার যেহেতু নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়, তাই তাদের বদলির সিদ্ধান্ত নেওয়ার অধিকারও সরকারের রয়েছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন। তাই বর্তমান সরকারের সিদ্ধান্ত না মানার কোনো কারণ নেই।

দিলীপ ঘোষ আরও বলেন, “যদি তিনি সংবিধান ও সরকারকে না মানেন, তাহলে এই দেশে কেন থাকবেন? বাংলাদেশে চলে যান।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ঈদুল আজহা উপলক্ষে কলকাতার রেড রোডে নামাজ আয়োজন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। তার সাম্প্রতিক বক্তব্যও নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *