খাগড়াছড়িতে চাকরির প্রলোভনে পাহাড়ি তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক পাহাড়ি তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ম্রাসা মারমা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন অভিযুক্ত ম্রাসা মারমা এবং তার সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি ওই তরুণীকে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে যান। সেখানে রাতের বেলায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ভুক্তভোগী চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও প্রথমে ঘটনাটি গোপন রাখেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *