প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি এনসিপি এমপি মুজাহিদের, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একবেলা না খেয়েও থাকতে রাজি’

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রয়োজন হলে জনগণ একবেলা না খেয়েও থাকতে রাজি, তবুও প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। বর্তমান বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে মাত্র ৭ হাজার কোটি টাকা উন্নয়ন ব্যয় হিসেবে থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মুজাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ, মিয়ানমার সীমান্তের অস্থিরতা, পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী তৎপরতা এবং বঙ্গোপসাগরে আধুনিক নৌ-সামরিক সক্ষমতার প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে বর্তমান বরাদ্দ যথেষ্ট নয়। তিনি ব্যাংকিং খাতে ঋণখেলাপির উচ্চ হার, বাজেটে খাত নির্ধারণ ছাড়া বড় অঙ্কের থোক বরাদ্দ এবং আঞ্চলিক উন্নয়ন বৈষম্যেরও সমালোচনা করেন।

এনসিপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, দেশের কিছু এলাকায় অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও অনেক অঞ্চল এখনো অবকাঠামোগতভাবে পিছিয়ে রয়েছে। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে সমগ্র দেশের জন্য সমান উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *