সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সড়ক, সেতু ও রেল যোগাযোগ খাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শনকালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কায়েতপাড়া ও নগরপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই দুটি সেতুর কাজ নানা জটিলতায় আটকে ছিল। কিছু মহল উন্নয়ন বাধাগ্রস্ত করতে কাজ বন্ধ রাখার চেষ্টা করলেও জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেতু দুটি চালু হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও পরিবহন ব্যয় কমবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
সভা শেষে প্রতিমন্ত্রী উপকারভোগীদের মাঝে ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ করেন।
