বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে চীনের গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল। রাজধানীর গুলশানে আয়োজিত এক আলোচনা সভায় হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং জানান, বর্তমানে প্রতি মাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।
তিনি বলেন, হাসপাতালটির বিদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে এবং এটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা জেসিআই (JCI) স্বীকৃত। এখানে আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে ফুসফুস ও স্তন ক্যানসারের চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে লিভার ও অগ্ন্যাশয়ের রোগের জন্য পৃথক বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগীরা ইতোমধ্যে তাদের চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গত বছর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং চিকিৎসা নেওয়া অনেক রোগীর জীবনমান উন্নত হয়েছে, এমনকি কেউ কেউ ক্যানসারমুক্তও হয়েছেন।
অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি যেন না ঘটে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও জানান, চিকিৎসা ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে।
