পরীক্ষার হলে টিকটক ভিডিও ভাইরাল: ঈশ্বরদী সরকারি কলেজে তদারকি নিয়ে প্রশ্ন

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালে ধারণ করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর এক শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। এ সময় কয়েকজন পরীক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছে, কেউ অন্যের খাতা দেখে লিখছে এবং কয়েকজনের হাতে মোবাইল ফোনও দেখা যায়।

ঘটনার পর পরীক্ষার পরিবেশ ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। অনেকেই জানতে চেয়েছেন, গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে কীভাবে মোবাইল ফোন প্রবেশ করল এবং ভিডিও ধারণের সুযোগ তৈরি হলো। তাদের মতে, যথাযথ নজরদারি থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি তদন্ত করা হবে। শিক্ষক সংকটের কারণে কিছু কক্ষে একজন করে শিক্ষক দায়িত্ব পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন। ভিডিও ধারণকারী শিক্ষার্থীকে ডেকে ঘটনার বিস্তারিত জানার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *