সাতক্ষীরায় সাত রাজার ধন: তালায় ১৮১৮ সালের ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালা উপজেলায় এক চাঞ্চল্যকর অভিযানে ১৮১৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি প্রাচীন ও মহামূল্যবান সীমানা পিলার (Magetic Pillar) উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন, ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালিয়ে পিলারসহ আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করে।

পিলার কেনাবেচা ও পাচারের অভিযোগে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা হলেন: ১. ভোলানাথ সানা (৬০): তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের বাসিন্দা (মৃত চতুর চন্দ্র সানার ছেলে)। ২. তুষার কান্তি সরদার (৩৫): খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের বাসিন্দা (সুনীল সরদারের ছেলে)। ৩. সুশান্ত সরদার (৪২): একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে। ৪. যাদব সরকার (৪২): খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল গ্রামের বাসিন্দা (মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে)।

তালা থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই একটি চক্র কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি পুরোনো মাটির ঘরের নিচে এই সীমানা পিলারটি লুকিয়ে রেখেছিল। শুক্রবার রাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের সঙ্গে কোটি টাকা মূল্যের এই পিলারটি বিক্রির চূড়ান্ত দরদাম ও পাচারের চেষ্টা চলছিল।

পুলিশ এই গোপন চুক্তি ও কেনাবেচার খবরটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভোলানাথ সানার বাড়িতে ঘেরাও করে। পরে মাটির ঘরের মেঝে খুঁড়ে নিখুঁত ও সচল অবস্থায় ১৮১৮ সালের খোদাই করা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগোযুক্ত সীমানা পিলারটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১৮১৮ সালের একটি সীমানা পিলারসহ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছি। উদ্ধারকৃত পিলারটির প্রত্নতাত্ত্বিক মূল্য অনেক। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং প্রাচীন নিদর্শন সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *