সংস্কৃতির প্রতিটি শাখায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী খৈয়ম

‘আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আগের মতো নিথর-নিস্তব্ধ কোনো মন্ত্রণালয় হয়ে থাকবে না। সংস্কৃতির প্রতিটি শাখায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোদার বাজার ঘাটসংলগ্ন পদ্মা নদীতে ৩ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২০ বছর ধরে রাজবাড়ীর পদ্মায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন মানুষ সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলেন। আগামী শীত মৌসুমে বড় পরিসরে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। নৌকা বাইচের পাশাপাশি ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়সহ হারিয়ে যাওয়া লোকজ আয়োজন ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, সংস্কৃতি মানুষকে ঐক্যবদ্ধ করে, আনন্দ দেয় এবং আমাদের শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক তৈরি করে। রাজবাড়ীর পদ্মার এই নৌকা বাইচের মধ্য দিয়ে সাংস্কৃতিক জাগরণের নতুন সূচনা হলো।

নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি নঈম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নৌকা বাইচ উদযাপন পরিষদের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

আয়োজকরা জানান, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার মূল প্রতিযোগিতা শুরু করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *