তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর তাকে এই নোটিশ দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হলো।

নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার খবর পেয়ে সাজ্জাদ হোসেন ফেসবুকে লিখেছিলেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

নোটিশের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, ‘আমি সংগঠনের প্রতি অনুগত। যেহেতু আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার ব্যাখ্যা জমা দেব।’

তিনি আরও যোগ করেন, ‘পোস্টের কমেন্ট সেকশনে আমি উল্লেখ করেছিলাম যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হয়েছে, যার ফলে দেশে ২২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *