ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: ফারজানা শারমীন

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘দলকে শক্তিশালী করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ জন্য দলীয়ভাবে আমাদের ভিতকে শক্তিশালী করতে হবে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন‌ বলেন, ‘পাবনার যত সমস্যাই থাকুক না কেন, পাবনায় যে নেতৃবৃন্দ রয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা সব সমস্যার সমাধান করে দেবে। পাবনাবাসীর সকল চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।’

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব নেয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন‌ পুতুলকে ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *