বই, কাজ আর পোষ্য এত দিন এ তিন নিয়েই নিজের মতো করে দিব্যি ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই কখনও হেসে উড়িয়ে দিয়েছেন, কখনও সাফ জানিয়েছেন, বিয়ের জন্য আলাদা করে সময়ই কোথায়। কিন্তু হঠাৎ বদলে গেছে সেই গল্প। টলিপাড়ায় জোর গুঞ্জন, ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসে পাহাড়ের শহর কালিম্পঙে বসতে পারে মিমির বিয়ের আসর। ঘনিষ্ঠ মহলে নাকি ইতোমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়েছে। এমনকি বিয়ের আগে নভেম্বরেই আংটিবদলের অনুষ্ঠান হতে পারে বলেও খবর ছড়িয়েছে। তবে এসব নিয়ে এখনও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে পাত্রকে ঘিরে। টলিপাড়ার সূত্রের দাবি, মিমির হবু স্বামীর বিনোদন জগতের সঙ্গে কোনও যোগ নেই। তিনি পেশায় নৌসেনার একজন আধিকারিক। যদিও এই তথ্যেরও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।
মিমির ব্যক্তিজীবন বরাবরই অনেকটা আড়ালেই রাখে। তার প্রেমজীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও সেসব নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী। বরং কাজের বাইরে পরিবার, বই আর পোষ্যদের নিয়েই সময় কাটাতে দেখা গেছে তাকে।
বিয়ে নিয়ে কয়েক বছর আগে মিমির একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। তখন তিনি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে, দেখা-সাক্ষাৎ করতে হবে সেই সময়টুকুও তার নেই। সেই মিমির জীবনেই কি তবে চুপিসারে এসে গিয়েছেন বিশেষ কেউ?
যদি সত্যিই ডিসেম্বরেই বিয়ের আয়োজন হয়, তবে এত দিনের ব্যক্তিগত জীবন আড়ালে রাখা মিমি কি এবার নিজেই পরিচয় করিয়ে দেবেন তার জীবনসঙ্গীকে? সেই উত্তর আপাতত অধরাই। নায়িকা নীরব, আর তার বিয়ের গুঞ্জন ঘিরে কৌতূহল ক্রমেই বাড়ছে।
