‘আলহামদুলিল্লাহ’ একটি ছোট্ট শব্দেই বদলে গেল ইসরাত পায়েলের জীবনের গল্প

‘আলহামদুলিল্লাহ’ একটি ছোট্ট শব্দেই বদলে গেল উপস্থাপিকা ইসরাত পায়েলের জীবনের গল্প। এত দিন মঞ্চের আলোয় অন্যদের গল্প বললেও এবার নিজের জীবনের সবচেয়ে বড় খবরটি নিজেই জানালেন তিনি। বিয়ের ছবি প্রকাশ করে জানালেন, পরিবারের সম্মতিতেই ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে দেখা যায় তাকে।

ছবির সঙ্গে পায়েল লেখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সাথে আমার বিয়ে হয়েছে।’

পাশাপাশি দাম্পত্যজীবন নিয়ে নিজের উপলব্ধির কথাও জানান তিনি। পায়েলের ভাষায়, এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। তাই সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন তিনি।

তবে বিয়ের খবর প্রকাশের পর নানা প্রশ্নও আসে। পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে পায়েল পরিষ্কার করে জানান, তাদের বিয়ে কয়েক দিন আগেই হয়েছে। তাই ‘কয়দিন টিকবে’—এমন প্রশ্ন প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আল্লাহ চাইলে এই সম্পর্ক সারাজীবন টিকে থাকবে এমন আশাবাদও জানান নববধূ।

জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যাবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

উপস্থাপনা ও মডেলিংয়ে দীর্ঘদিনের পরিচিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বড় আয়োজনের মঞ্চে নিয়মিত উপস্থাপনায় দেখা গেছে তাকে। এবার সেই পরিচিত মঞ্চের বাইরেই জীবনের নতুন মঞ্চে পা রাখলেন ইসরাত পায়েল সঙ্গী আল-আমিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *