রংপুর মহানগরীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা

রংপুর মহানগরীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। অভিযানিক দলটি শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ মিটার সামনে উত্তর পাশে পৌঁছালে সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি ব্যাগের ওপর তাদের নজর পড়ে। পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ইয়াবার ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *