ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক হওয়ার কারণেই বাঁধন এমন সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী বাঁধনের ওপর আক্রমণের কারণ হিসেবে চারটি পয়েন্ট তুলে ধরেন।
স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী লেখেন, ‘‘আজমেরী হক বাঁধনের অপরাধ- একটি গণঅভ্যুত্থানে তার একটি স্টেন্ড পয়েন্ট ছিল- যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সাথে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।
ক্ষোভ প্রকাশ করে এই উপস্থাপক আরও উল্লেখ করেন, বর্তমানে সরকারে থাকা প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা-নেত্রীদের প্রত্যেকেই ‘জুলাই যোদ্ধা’। কিন্তু রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদের ‘জুলাই জঙ্গি’ গালি শুনতে হচ্ছে। আন্দোলনের সময় সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে বাহবা দেয়া হলেও পরবর্তীতে সহযোদ্ধা হিসেবে তাদের আগলে রাখা হয় না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দীপ্তি চৌধুরী লেখেন, ‘‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’’
উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আজমেরী হক বাঁধন বর্তমানে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
