ইতালির ভেনিসে নিজের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেছেন, ‘আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এটা হয়তো বুঝতে তাদের সমস্যা হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন- নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে সেখানে তার ওপর হামলা চালিয়েছে বেশ কয়েকজন প্রবাসী। এমনকি তাকে শারীরিকভাবে আঘাতও করা হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অভিনেত্রী ফেসবুকে লাইভে এসে এসব জানান।
বাঁধন বলেন, ‘ইতালির পুলিশ আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে আসে। বাংলাদেশ দূতাবাস থেকেও যোগাযোগ করা হয়েছে। তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার কাছে সব প্রমাণ রয়েছে। ঘটনার সময় নিজেই ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, তারা নিজেরাই সামাজিক মাধ্যমে গর্বের সঙ্গে তাদের ন্যাক্কারজনক কাজের ভিডিও প্রকাশ করেছে। সেখানে গর্ব করে বলছে তারা ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে এবং তারা বঙ্গবন্ধুর সৈনিক।’
তিনি বলেন, ‘অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি কেমন আছি জানতে চেয়েছেন। আমি ভালো আছি। নিরাপদে আছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এটা হয়তো বুঝতে তাদের সমস্যা হয়েছে।’
