দুটি সিনেমায় নজর কাড়ার পরই যেন হঠাৎ নিখোঁজ মন্দিরা চক্রবর্তী

কোথায় হারালেন মন্দিরা চক্রবর্তী? ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক, এরপর ‘নীলচক্র’—দুটি সিনেমায় নজর কাড়ার পরই যেন হঠাৎ নিখোঁজ এই অভিনেত্রী। নতুন সিনেমার তালিকায় নেই তার নাম, পর্দাতেও নেই উপস্থিতি। তাহলে কি অভিনয়কে বিদায় জানালেন মন্দিরা?

ঘটনা অবশ্য পুরো উল্টো। আড়ালে থেকেই বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মন্দিরা জানিয়েছেন, বর্তমানে তার হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছরই শুরু হওয়ার কথা। সেই সিনেমার প্রস্তুতিতেই এখন ব্যস্ত সময় কাটছে তার। দ্বিতীয় সিনেমাটির শুটিং হবে আগামী বছর।

তবে নতুন দুই সিনেমার খবর এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না মন্দিরা। নাম, চরিত্র কিংবা নির্মাতা—কোনো তথ্যই জানাননি। ফলে তার নতুন কাজ ঘিরে রহস্যটা আরও জমেছে।

ক্যামেরার সামনে দেখা না গেলেও অভিনয় থেকে এক মুহূর্তের জন্যও দূরে নেই মন্দিরা। বরং নিজেকে আরও দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। জানিয়েছেন, প্রতি মাসে অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন তিনি।

২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। প্রথম সিনেমাতেই তার রূপ-লাবণ্য ও পর্দা উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এরপর গত বছরের জুনে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় তাকে।

তবে সিনেমায় আসার আগে থেকেই শোবিজে পরিচিত ছিলেন মন্দিরা। নৃত্য প্রতিযোগিতা দিয়ে শুরু করে বিজ্ঞাপনচিত্র, নাটক ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।

এখন লক্ষ্য বড় পর্দা। তাই মন্দিরার এই নীরবতা কোনো হারিয়ে যাওয়া নয়—বরং আরও জোরালো প্রত্যাবর্তনের আগে নেওয়া নিঃশব্দ প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *