জয়া আহসান অভিনীত, মাত্র ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই গল্প এবার পাড়ি দিচ্ছে লন্ডনে

পুরোনো এক বাড়ি, হুগলি নদীর পাড় আর অপেক্ষায় থাকা এক নারী— মাত্র ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই গল্প এবার পাড়ি দিচ্ছে লন্ডনে। জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্‌ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্‌ম ফেস্টিভ্যাল ২০২৬-এ।

আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের সিনেমা কমপ্লেক্স ‘ভিউ ওয়েস্ট এন্ড’-এ বসবে উৎসবের ১৩তম আসর। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে উৎসবে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান।

রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী যৌথভাবে ছবিটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মস-এর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ফ্যাশন ফিল্‌ম।

ছবিটির শুটিং হয়েছে গত বছর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। হুগলি নদীর তীরে ঔপনিবেশিক আমলের একটি পুরোনো বাড়িতে ধারণ করা হয়েছে পুরো কাজটি। বাড়িটির দেয়াল, বারান্দা ও আলো-ছায়ার আবহে ফুটিয়ে তোলা হয়েছে চরিত্রটির নিঃসঙ্গতা ও বিরহ।

জয়া আহসান জানান, পরিচালকেরা তাকে এমন একটি পরীক্ষামূলক কাজে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তার ভাষায়, অভিজ্ঞতাটি ছিল অসাধারণ। ছবিতে তার স্টাইলিং করেছেন স্টাইলিস্ট ঋষভ।

আন্তর্জাতিক উৎসবে ছবিটি নির্বাচিত হওয়ায় আনন্দিত জয়া। তার আশা, উৎসবে দর্শকেরা কাজটি উপভোগ করবেন।

ফ্যাশন ও চলচ্চিত্রের নান্দনিকতার মেলবন্ধনে তৈরি এই ছোট্ট ছবির গল্প এবার লন্ডনের পর্দায়— দৈর্ঘ্যে ছোট, কিন্তু অনুভূতিতে বেশ লম্বা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *