রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদ ভবনে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে।
তফসিল অনুযায়ী যেসব কার্যক্রম
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
তিনি বলেন, আপাতত নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনের অগ্রগতি ও হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোটার হিসেবে অংশ নেবেন। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
