বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার মহারণের আগে আলবিসেলেস্তেদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বিশেষ করে নিজের সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি এবং পুরো আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম জে গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের নিবেদন ও অদম্য মানসিকতা তাকে মুগ্ধ করেছে। তার ভাষায়, প্রতিটি ম্যাচে দলটি হৃদয় উজাড় করে খেলে এবং সেই লড়াইয়ের মানসিকতাই তাদের ফাইনালে পৌঁছে দিয়েছে।
মেসিকে নিয়ে রোনালদিনহো বলেন, “আমার বন্ধু মেসি এমন একজন খেলোয়াড়, যে একাই দলের যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারে।” তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলের সবাই জানে কখন মেসির কাছে বল পৌঁছে দিতে হবে এবং মেসি যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে, আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি তাদের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া। খেলোয়াড়দের নম্রতা এবং অধিনায়কের জন্য সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা দলটিকে আরও শক্তিশালী করেছে।
উল্লেখ্য, বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলেছেন রোনালদিনহো ও মেসি। ন্যু ক্যাম্পে একসঙ্গে খেলেই তারা চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি শিরোপা জিতেছিলেন। সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট রয়েছে।
