ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির মধ্যে একটি পুরোনো ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১৬১ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে।
ভারী বর্ষণের কারণে শহরের স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে মুম্বাইয়ের সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার মুম্বাইয়ের মানখুর্দ এলাকার একটি বস্তিতে অবস্থিত দুই থেকে তিনটি পুরোনো বহুতল ভবন ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়।
ধসের খবর পেয়ে উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও দুর্যোগ মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সড়কটির একটি অংশ বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। মুম্বাই বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই সঙ্গে মুম্বাই-পুনে রুটের কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনও মুম্বাই ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
