সিরিয়ায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানস্থলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) এ বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হলেও ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন তার নিকটবর্তী এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের শব্দ রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন।
এলিসি প্রাসাদ জানায়, রাষ্ট্রপতির গাড়িবহর থেকেও বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি। সফরে থাকা গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যেও কেউ বিস্ফোরণের শব্দ শোনেননি কিংবা কোনো ধরনের আতঙ্কজনক পরিস্থিতি প্রত্যক্ষ করেননি।
অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘটনাস্থলের দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী আশপাশের সড়ক বন্ধ করে দেয় এবং পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাষ্ট্রপতি ভবনে বৈঠকে অংশ নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই বিস্ফোরণ সিরিয়ার চলমান নিরাপত্তা সংকটেরই আরেকটি উদাহরণ। দেশটি এখনও দীর্ঘদিনের সংঘাত ও অস্থিতিশীলতার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি।
এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে বিদ্রোহীদের হাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এমানুয়েল ম্যাক্রোঁই প্রথম সিরিয়া সফর করছেন।
বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির পুনর্গঠন এবং পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সিরিয়ার দীর্ঘ সংঘাতের সময় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)সহ বিভিন্ন সশস্ত্র জঙ্গিগোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় শক্ত ঘাঁটি গড়ে তুলেছিল। এখনও দেশটির নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
