ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নাগরিকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। এ কারণে উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক প্রতিষ্ঠান, বিমা খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিমা খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং বিমা সেবাকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৪২ বছরের সাফল্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিমা খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *