ভারতীয় জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এক জটিল রোগে আক্রান্ত। তার শরীরে পিত্তথলিতে (Gallbladder) প্রায় ১১ সেন্টিমিটারের একটি বড় পাথর রয়েছে। চিকিৎসকেরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও দীর্ঘ ১১ বছর ধরে এই পাথরটি শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি, যা সাধারণত তীব্র যন্ত্রণাদায়ক ও ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে দিলজিতের পিত্তথলিতে এই ১১ সেন্টিমিটারের পাথরটি ধরা পড়ে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, পিত্তথলিতে এত বড় পাথর থাকা অত্যন্ত যন্ত্রণার এবং দীর্ঘ সময় এটি শরীরে থাকলে ইনফেকশন বা সংক্রমণসহ নানা মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই ঝুঁকির কারণে চিকিৎসক এবং তার কাছের মানুষরা তাকে বারবার অস্ত্রোপচার (Surgery) করিয়ে পাথরটি অপসারণের পরামর্শ দেন। তবে দিলজিৎ সেই পরামর্শে রাজি হননি।
এ প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে গায়ক বলেন, “আমাকে সকলেই বলেছিলেন দ্রুত অস্ত্রোপচার করিয়ে নিতে। কিন্তু পিত্তথলিতে এই পাথরের জন্য আমার কোনো শারীরিক সমস্যা বা ব্যথা হচ্ছে না। তাই কোনো সমস্যা ছাড়া শুধু শুধু কেন আমি শরীরে অস্ত্রোপচার করাব?”
নিজের বিশ্বাস ও বর্তমান অবস্থা নিয়ে দিলজিৎ আরও বলেন, “আমার এখন বিশ্বাস যে ওই জিনিসটা (পাথর) হয়তো শরীর থেকে চলে গিয়েছে। কিন্তু তার পরও নিজের বাড়তি সুরক্ষার জন্য আমি সবসময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিয়ে ঘুরি, যদিও তা ব্যবহার করতে হয় না। আমি এত বছর এই বিষয়ে আমার পরিবারকে বলিনি, বন্ধুদের বলিনি, কাউকেই বলিনি—এটি সম্পূর্ণ গোপন ছিল, যা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।”
শৈশবে চরম দারিদ্র্য ও আর্থিক অনটন দেখে বড় হওয়া দিলজিৎ ক্যারিয়ারের শুরুতে নেশার মতো অর্থ উপার্জন করেছেন। তিনি অকারণে টাকা খরচ করতে একদম পছন্দ করেন না। তবে বর্তমানে তিনি অর্থ ও ক্ষমতা নিয়ে ভিন্ন দর্শন লালন করেন। গায়কের মতে, টাকা মানুষের জীবনে ক্ষমতা এনে দেয় এবং চারপাশের সব কিছুই আসলে অর্থকে ঘিরে আবর্তিত হয়। কিন্তু গভীর উপলব্ধির জায়গা থেকে তিনি মনে করেন, কখনো কখনো এই অতি অর্থই মানুষের জীবনে সব অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়।
