মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচরের মাদবরকান্দি গ্রাম থেকে একই পরিবারের সদস্যরা ইজিবাইকে করে পাশের কাদিরপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ইজিবাইকটি ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই ৯ বছর বয়সী শিশু আয়েশা এবং তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
