দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আজ তার জন্মদিন উদযাপন করছেন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন চঞ্চল চৌধুরী। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে জয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ এর সঙ্গে তিনি একটি কালো হৃদয়ের (🖤) ইমোজিও যুক্ত করেন।
উল্লেখ্য, জয়া আহসানের প্রকৃত নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি তার আগ্রহ ছিল। পরবর্তীতে অভিনয়জগতে পা রেখে তিনি নিজেকে দেশের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
অভিনয় জীবনে তিনি বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন। এছাড়া নয়বার মেরিল–প্রথম আলো পুরস্কার জিতেছেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও সমান সাফল্য পেয়েছেন এই গুণী শিল্পী। টালিউডে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা জিতেছেন এবং বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন।
