মালদ্বীপে কেয়া পায়েল: ভাইরাল ভিডিওতে থাকা তরুণ কে?

কেয়া পায়েলকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে অভিনেত্রীকে দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

খায়রুল বাসারর সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে সামির–মেহরিন জুটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান কেয়া পায়েল। পর্দার রসায়নের কারণে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে একসময় নানা গুঞ্জন ছড়ালেও, দুজনেই বরাবরই সেই গুঞ্জন অস্বীকার করেছেন।

এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। ভিডিওতে কখনও তাদের গল্প করতে, আবার কখনও একটি রেস্টুরেন্টে অভিনেত্রীকে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে—কে এই তরুণ এবং তার সঙ্গে কেয়া পায়েলের সম্পর্ক কী?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপেই নয়, এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ভ্রমণ করতে দেখা গেছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।

একই সূত্রগুলোর ভাষ্য, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়ে দুই পরিবারও অবগত এবং ইতিবাচক মনোভাব পোষণ করছে। এমনকি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘনিষ্ঠজনদের দাবি, উপযুক্ত সময়ে দুই পরিবার সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

মালদ্বীপের ভিডিওটি প্রকাশের পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তবে সম্পর্ক ও বিয়ের বিষয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য সংশ্লিষ্টদের বক্তব্যের অপেক্ষা করাই যুক্তিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *