জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে চলমান পূর্ণাঙ্গ সিরিজের মাঝেই কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। দলের বোলিং আক্রমণ আরও কার্যকর করতে বাংলাদেশের সাবেক বোলিং কোচ এবং কোর্টনি ওয়ালশকে স্থায়ী বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, গত ২৩ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় ওয়ালশকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই পেসার। তার অধীনে দলটি দারুণ সাফল্য পায়। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়ে। পাশাপাশি সুপার এইটে জায়গা করে নিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করে দলটি।
কোচিং স্টাফের অন্যান্য পদে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন জাস্টিন স্যামন্স। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন ডিওন ইব্রাহিম। এছাড়া লোয়ার অর্ডার ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্বে বহাল রয়েছেন স্টুয়ার্ট মাৎসিকেনিয়ারি।
অন্যদিকে, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজেও দারুণ ছন্দে রয়েছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দলটি নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে।
এবার দুই দল সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে। আগামী সোমবার (৬ জুলাই) হারারেতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ জুলাই। এরপর বুলাওয়ায়োতে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
কোর্টনি ওয়ালশের অভিজ্ঞতা জিম্বাবুয়ের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সীমিত ওভারের সিরিজেও এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
