সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবন নির্মাণে সুপারিশ করা হবে: রুহুল কবির রিজভী

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য একটি স্বতন্ত্র ভবন নির্মাণে সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১ জুলাই) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অতীতে বিচারব্যবস্থা ও আইনি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে বিচারিক কার্যক্রম যাতে কোনো ব্যক্তি বা সরকারের প্রভাবাধীন না হয়, সে বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রুল অব ল বা আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে এবং সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির এই নেতা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তাদের দক্ষতা, সততা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভীর ভাষ্য, অতীতের রাজনৈতিক বাস্তবতায় অনেক বিশিষ্ট আইনজীবীও বিভিন্ন ধরনের চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। এ প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে একটি পৃথক ভবন নির্মাণের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে।

তিনি বলেন, আইনজীবীদের পেশাগত পরিবেশ উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাও সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *