শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতির ভবিষ্যৎ, প্রাথমিক গোল্ডকাপ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। তিনি মনে করেন, একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমান গুরুত্ব রয়েছে।

‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে কাজ করছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারের মতো খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ বছর দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সারা দেশে বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টগুলোর একটি হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সুনাম বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *