দীর্ঘ সাত বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের জলসীমা আরও ১০ নটিক্যাল মাইল বাড়িয়ে ৭২ নটিক্যাল মাইলে উন্নীত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সীতাকুণ্ড হয়ে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উপকূল পর্যন্ত নতুন জলসীমা নির্ধারণের প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডও বন্দরের আওতায় আসবে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের জলসীমা ৬২ নটিক্যাল মাইল। নতুন পরিকল্পনায় সন্দ্বীপ চ্যানেল ঘিরে ‘এস’ নামে নতুন অ্যাংকরেজ গড়ে তোলা হবে এবং লাইটারেজ জাহাজগুলোর অবস্থানও পুনর্বিন্যাস করা হবে। বন্দর কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ও বে টার্মিনালের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বন্দরের রাজস্ব আয় বাড়াবে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে নিয়মিত ড্রেজিং, আধুনিক নৌ-নির্দেশনা ব্যবস্থা, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হবে। বিশাল সমুদ্রসীমায় সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
