জাতীয় সংসদে মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের দেওয়া বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আশফাক মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও অতীতের একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেন।
বক্তব্যে তিনি মামুনুল হকের বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করে সমালোচনা করেন। এ সময় স্পিকার হস্তক্ষেপ করে বলেন, সংসদে এমন কোনো ব্যক্তিকে নিয়ে অভিযোগ বা মন্তব্য করা উচিত নয়, যিনি উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান না। তিনি বিষয়টিকে সংসদীয় রীতিনীতির পরিপন্থী উল্লেখ করে ব্যক্তিগত বিষয় সংসদে আলোচনা না করার আহ্বান জানান।
পরে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, মামুনুল হককে নিয়ে উত্থাপিত তথ্য সঠিক নয় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা রয়েছে। তিনি সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। একই দাবি তোলেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও।
সব পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় শালীনতা ও রীতিনীতি বজায় রাখার স্বার্থে মামুনুল হক সম্পর্কিত বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
