টঙ্গীতে দুই যুবক অপহরণ: সহোদর দুই বোনসহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে দুই যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে সহোদর দুই বোনসহ একটি অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের শিকার দুই যুবককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শেরপুরের বাসিন্দা সালেহীন মিয়া ও তার বন্ধু টিটু মিয়া বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ১৬ জুন রাতে টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি কক্ষে ডেকে নিয়ে তাদের জিম্মি করা হয়। পরে চোখ বেঁধে ছাদে নিয়ে গিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি সালেহীনের পরিবারের কাছে ৫ লাখ টাকা এবং টিটুর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা আদায়ের পরও আরও টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। একপর্যায়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে সালেহীনকে আশুলিয়ায় নিয়ে যাওয়া হলে তিনি সুযোগ বুঝে চিৎকার করেন। স্থানীয় লোকজন ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীদের সহায়তায় এক অভিযুক্তকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন তারেক হোসেন (১৯), আফসানা আক্তার আঁখি (২৮) এবং তার বোন নদী (২৬)। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *