রাম চরণ ও জাহ্নবী কাপুরের অন-স্ক্রিন কেমিস্ট্রি বড় পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু মুক্তির পরপরই সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ ও আপত্তি প্রকাশ করেছেন। দর্শকদের অভিযোগ, সিনেমার কয়েকটি দৃশ্যে জাহ্নবী কাপুরকে অত্যন্ত অস্বস্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা মূল গল্পের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
চলচ্চিত্র সমালোচক এবং সাধারণ দর্শকদের দাবি, শুধুমাত্র সস্তা প্রচার ও দর্শকদের সস্তা দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কিছু দৃশ্যে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় যৌনভঙ্গিমার সুড়সুড়ি দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলো ছবির কাহিনীর স্বাভাবিক গতি ও গভীরতাকে নষ্ট করেছে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, শুটিং শুরুর পর থেকেই ‘পেডি’ সিনেমাটি নানা কারণে খবরের শিরোনামে ছিল। শুটিং চলাকালে রাম চরণের চোখে আঘাত পাওয়া থেকে শুরু করে সিনেমার প্রচারণার সময় এক ভক্তের অতি-উত্সাহী আচরণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া—সব মিলিয়ে ছবিটিকে ঘিরে আলোচনা থামছিলই না। এবার যুক্ত হলো এই নতুন দৃশ্য-বিতর্ক।
সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক। নিজের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। পরিচালক লিখেছেন:
“কাউকে অস্বস্তিতে ফেলা বা কাউকে অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।”
তিনি আরও দাবি করেন, নারীদের অবমাননা করা বা তাঁদের কেবল ‘ভোগের বস্তু’ হিসেবে উপস্থাপন করার কোনো উদ্দেশ্য তাঁদের টিম বা প্রোডাকশনের ছিল না। তিনি নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীদের প্রতি সবসময় গভীর শ্রদ্ধাশীল। তবে দর্শকদের আবেগকে সম্মান জানিয়ে তিনি চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন ও কাটছাঁট আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
পরিচালক দৃশ্য পরিবর্তনের ঘোষণা দিয়ে বিতর্কের আগুন কিছুটা নেভানোর চেষ্টা করলেও, এই পুরো ইস্যুতে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ছবির মূল অভিনেত্রী জাহ্নবী কাপুর। ফলে এই বিতর্ক এবং দৃশ্য কর্তনের সিদ্ধান্ত নিয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান কী, তা জানতে ভক্তদের কৌতূহল ও গুঞ্জন এখনো টিনসেল টাউনে অব্যাহত রয়েছে।
