দিল্লির রাজপথে বড় বিক্ষোভের ডাক, থাকবেন মমতা-রাহুল

ভোটার তালিকায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর রাজপথে ব্যাপক জমায়েতের ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। একই দিনে জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এ সময় নির্বাচনসংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপও চাইবেন তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটের নেতারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতেই হবে। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। নেতাদের দাবি, সোমবার বিপুলসংখ্যক মানুষ দিল্লির রাজপথে নেমে প্রতিবাদ জানাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোটের নেতাকর্মী ও দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার মতে, এই প্রতিবাদের আওয়াজ এবারও সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।

অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধী নেতারা। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *