বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানের পাশাপাশি সিটে বসে আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নেটদুনিয়ায় এই তারকা জুটির ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে কৌতূহল, হঠাৎ একসঙ্গে কোথায় যাচ্ছেন তারা? 

নেটিজেনদের সেই কৌতূহলের জবাব মিলেছে মিথিলার নিজের ফেসবুক পোস্টেই। কোনো নতুন সিনেমার শুটিং নয়; যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা ছেড়েছেন তারা। ইতোমধ্যে তারা নিউইয়র্কে পৌঁছেও গেছেন।

ফেসবুক পোস্টে বিমান ভ্রমণের ছবির পাশাপাশি ইভেন্টের অফিশিয়াল পোস্টারও শেয়ার করেন এই মডেল ও অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ 

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল ‘আগুন’ এবং মিথিলা অভিনয় করেছিলেন ‘এলিনা’ চরিত্রে। সেই সিনেমার চরিত্র দুটির নাম উল্লেখ করেই একসঙ্গেই দুই তারকা নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে জমকালো এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *