পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে। পূজা মানেই আনন্দ আর অসংখ্য স্মৃতির হাতছানি। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে বড়বেলায়ও আনন্দে মেতে ওঠে মানুষ।

ব্যতিক্রম নন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও। অভিনেত্রী হওয়ার আগে তার পূজা কেমন ছিল? সংবাদ প্রতিদিনকে বলেন, “তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পুজোর বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পুজোয় সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলেরা এসে এসে ঝারি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা। ‘পুজোর সেরা সুন্দরী’ তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল। মানে, ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি, এটাই তো দারুণ ব্যাপার। আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত, ‘আমাদের বোন এত সুন্দরী।”

আর প্রেমটা হতো? কৌশানির জবাব, ‘হ্যাঁ, পুজোর কটা দিনের প্রেম, এই বিষয়টা দারুণ লাগত। সেই প্রেমগুলো আবার পুজোর কটা দিনই টিকত। তারপর ভেঙে যেত।’

এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে কৌশানি অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত তিনি সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর পরিবার নিয়ে ঢুকে পড়বেন পুজোর মূল আমেজে।

প্রেমিক বনি সেনগুপ্তর সঙ্গে কেমন পরিকল্পনা থাকছে? কৌশানি বলান, ‘আমার পুজোর সব প্ল্যানেই বনি আছে। একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা। দেখা যাবে, পুজোর কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমোচ্ছি। এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *