আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৯

কার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় নুর ইসলাম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

নুর ইসলাম পেশায় গাড়িচালক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানা প্রাঙ্গণে দেয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। এর মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, কারখানাটিতে তিতাসের গ্যাস সংযোগ থাকলেও লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় বিকল্প হিসেবে সিলিন্ডার লরি থেকে গ্যাস ব্যবহার করা হতো।

তিনি জানান, এসব লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছিল। সিলিন্ডারের ভেতরে অতিরিক্ত চাপ বা কারিগরি ত্রুটির কারণে ৪ নম্বর লরিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *