ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচারিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ সেনা নিহতের কথা বললেও; প্রকৃত সংখ্যা ২২। অপর এক কর্মকর্তা ২৩ জনের কথা বলেছেন।

তবে তাদের সবাই সরাসরি ইরানের মিসাইল বা ড্রোনের আঘাতে নিহত হননি। কিন্তু ইরান যুদ্ধের সময় তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিলেন। এ সময় তাদের মৃত্যু হয়েছে।

এই কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলার সময় মার্কিনিদের তিন সেনা কন্ট্রাক্টরও প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের হয়ে ইরানে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্র শুধু তাদের সেনাদেরই হারায়নি। তাদের প্রায় ৪৪ বিলিয়ন ডলার ব্যয়ও করতে হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যা টানা ৪০ দিন চলে। এ সময় ইরানেরও অনেক সেনা নিহত হয়েছেন। এরপর মার্কিনি ও ইরানিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু এটি বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে।

দুদিন আগে সংবাদমাধ্যম এক্সিওসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিয়ে কয়েকদিনের মধ্যে বড় সিদ্ধান্ত নেবেন। হতে পারে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আবারও বড় ধরনের হামলা চালানো হবে। অথবা আলোচনার মাধ্যমে এ লড়াইয়ের ইতি টানা হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন ইরানিদের সঙ্গে মার্কিনিদের আলোচনা চলছিল। এখন যুক্তরাষ্ট্র আবারও আলোচনা করতে চাইলেও; ইরান বলেছে তাদের দেওয়া শর্ত আগে মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *