জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?

দীর্ঘদিন ধরেই অভিনয় ও জনসম্মুখ থেকে অনেকটা আড়ালে রয়েছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এর মধ্যেই নতুন করে তার দেশত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়। রিয়াজ কিংবা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে, ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন রিয়াজ।

তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, এ ধরনের কোনো বিষয় তাদের নজরে আসেনি। তিনি স্থলবন্দর দিয়েও দেশ ছাড়তে পারেন বলে মন্তব্য করেছে সূত্রটি।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার।

তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই রিয়াজের অবস্থান নিয়ে নানা আলোচনা রয়েছে।

দীর্ঘদিন ধরে এফডিসি কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি এই অভিনেতাকে। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

এরপর চলতি মাসের ৩ সেপ্টেম্বর আবারও আলোচনায় আসেন রিয়াজ। সেদিন খবর প্রকাশ হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়েছেন তিনি। হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেতা। তবে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।

রিয়াজের দীর্ঘ অনুপস্থিতি ঘিরে এর আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তার স্ত্রী সেই খবরকে ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে নতুন করে তার দেশত্যাগের যে খবর সামনে এসেছে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে রিয়াজ বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে আপাতত ধোঁয়াশাই রয়ে গেছে।

উল্লেখ্য, একসময় বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রিয়াজ। নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ। পাশাপাশি হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকেও দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, যা মুক্তি পায় ২০২২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *